বিজয়নগরে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী হাদিকে ঢাকা মেডিকেল থেকে এভারকেয়ারে স্থানান্তর

পরিবারের সিদ্ধান্তে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আজ শুক্রবার দুপুরে বিজয়নগরে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ডাক্তার আসাদুজ্জামান জানান, হাদির মাথায় বুলেটের আঘাত রয়েছে। এছাড়া বুকে ও পায়ে আঘাত আছে। ধারণা করা হচ্ছে, পায়ের আঘাতটি রিকশা থেকে পড়ে যাওয়ার কারণেও হতে পারে। তিনি জানান, “আমরা ঢাকা মেডিকেলে প্রাথমিক সার্জারি সম্পন্ন করেছি। পরিবারের সম্মতিতে তাঁকে এখন এভারকেয়ার হাসপাতালে পাঠানো হচ্ছে।”

তিনি আরও বলেন, “পরিবার প্রথমে সিএমএইচে নেওয়ার কথা বললেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার অনুরোধ জানায়। আমরা এভারকেয়ার হাসপাতালে যোগাযোগ করেছি, তারা প্রস্তুত রয়েছে।”

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বেলা ২টা ২৫ মিনিটে মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত পালিয়ে যায়।

গুলিবিদ্ধ হওয়ার সময় হাদির পেছনের রিকশায় ছিলেন মো. রাফি। তিনি বলেন, “জুমার নামাজ শেষে আমরা হাইকোর্টের দিকে আসছিলাম। বিজয়নগরে পৌঁছাতেই মোটরসাইকেলে দুজন এসে হাদি ভাইয়ের ওপর গুলি চালায়।”

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশ দিয়েছেন।

০%
০%
০%
০%