দেশের বাজারে টানা চতুর্থ দফায় কমলো ২২ ক্যারেট সোনার দাম

টানা চতুর্থ দফায় দেশের বাজারে স্বর্ণের দাম হ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। রোববার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। নতুন এই মূল্যতালিকা সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে।

এর আগে রোববার (২৫ অক্টোবর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের দাম কমানোর এই সিদ্ধান্ত গৃহিত হয়। আন্তর্জাতিক বাজারে তেজাবী সোনার (প্যুর গোলড) দাম হ্রাসের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেশের বাজারে এই মূল্যসমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

নতুন নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এই দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এছাড়া মানের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা অন্যান্য ক্যাটাগরির স্বর্ণের দামও কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা ধার্য করা হয়েছে।

সোনার বাজারে বড় ধরনের পতন ঘটলেও রুপার দাম আগের অবস্থাতেই অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুসের তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকা নির্ধারিত রয়েছে।

০%
০%
০%
০%