মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্ত এলাকা দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৬-এর নিকটবর্তী শূন্যরেখায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভোরের আলো ফোটার আগেই সীমান্তের কাঁটাতারের ওপারে চারজন ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়।
সরেজমিনে পাওয়া তথ্যানুযায়ী, পুশইন চেষ্টার শিকার ওই চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিজিবির কঠোর উপস্থিতি এবং নজরদারি টের পেয়ে তারা এক পর্যায়ে সেখান থেকে সরে পড়ে। পরবর্তীতে সীমান্ত এলাকায় তাদের আর দেখা যায়নি।
অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় বসবাসরত গ্রামবাসী বিজিবির সঙ্গে একযোগে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এলাকাবাসী জানান, বিজিবির দৃঢ় অবস্থানের কারণেই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুর সীমান্তে চারজনকে পুশইনের চেষ্টা চালানো হয়েছিল, যা বিজিবির হস্তক্ষেপে ব্যর্থ হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে বলেও তিনি জানান।