Advertisement

বাগেরহাটে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

বাগেরহাটের কচুয়া উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখল, স্থাপনা ভাঙচুর ও গাছপালা কেটে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী প্রবাসী সালমা আক্তার নিজের পৈতৃক সম্পত্তি রক্ষায় ও আইনি প্রতিকার চেয়ে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে সালমা আক্তার জানান, কচুয়া গ্রামের বাসিন্দা মইনুল ইসলাম শিকদারসহ একটি প্রভাবশালী চক্র দীর্ঘ সময় ধরে তার মালিকানাধীন জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি বিদেশে অবস্থান করার সুযোগ নিয়ে অভিযুক্তরা খতিয়ানভুক্ত ও ক্রয়কৃত জমিতে অবৈধভাবে বালু ভরাট, সীমানা প্রাচীর ভাঙচুর এবং বিভিন্ন গাছপালা নিধন করেছে। বর্তমানে জমিটি নিয়ে আদালতে মামলা চলমান থাকা সত্ত্বেও প্রতিপক্ষরা রাতের আঁধারে বেআইনিভাবে নতুন গেট নির্মাণ করে পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাঁয়তারা করছে।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, মইনুল ইসলাম শিকদার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের আত্মীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছেন। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের ফলে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। আদালতের নির্দেশনার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এভাবে দখলের ঘটনা সাধারণ মানুষের আইনি অধিকারের প্রতি বড় ধরনের হুমকি বলে দাবি করেন সালমা আক্তার।

নিজের অর্জিত সম্পত্তি উদ্ধার এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতে তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী অবিলম্বে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%