AdvertisementAdvertisement

রাজবাড়ীতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে যুবক হত্যায় মূল অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সদরের তোরাই মোড় এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম হীরা নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকাল সোয়া ৯টার দিকে এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরিফুল বাহাদুরপুর এলাকার জাবেদ আলীর ছেলে এবং তিনি দীর্ঘদিন ধরে পৌর শহরের তোরাই মোড়-কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাওনা ৫ থেকে ৬ হাজার টাকা লেনদেন নিয়ে শরিফুল ইসলামের সঙ্গে পৌর শহরের কুমড়াকান্দি মল্লিকপাড়া গ্রামের মঞ্জু শেখের ছেলে মো. কামরুলের বাগবিতণ্ডা হয়। উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে কামরুল হঠাৎ ধারালো ছুরি দিয়ে শরিফুলের বুকে আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার পরপরই অভিযুক্ত কামরুল এলাকা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা দোষী কামরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0%
0%
0%
0%