শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও দুই মাদকসেবী আটক

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলেন—গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। এ সময় তাদের ভাড়া বাসা তল্লাশি করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ওই বাসায় মাদক সেবনের আসর বসেছে বুঝতে পেরে স্থানীয় লোকজন একত্রিত হয়ে বাড়িটি ঘেরাও করেন। পরে মাদক সেবনরত অবস্থায় ওই পুলিশ কনস্টেবলসহ তিনজনকে হাতেনাতে আটক করে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয় এবং মাদকদ্রব্য জব্দ করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আইন লঙ্ঘনকারী এসব ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত বিচার দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

০%
০%
০%
০%