Advertisement

তারেক রহমানকে জাতীয় কবির সঙ্গে তুলনা প্রধান হুইপের

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাতীয় কবির সাথে তুলনা করেছেন জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি বলেন, নজরুল যেমন তাঁর কালজয়ী সৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন, তেমনি বর্তমান জাতীয় সংকটে তারেক রহমানও এক অপ্রতিদ্বন্দ্বী অভিভাবক হিসেবে আবির্ভূত হয়েছেন।

প্রধান হুইপ নূরুল ইসলাম মনি বলেন, দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের ব্যবধানে তারেক রহমানকে বহুমুখী বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তাঁর ভাষ্যমতে, দায়িত্ব নেওয়ার পরপরই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার জেরে বিশ্বের ৮৫টি দেশে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছিল। তবে বর্তমান প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে সেই সংকট নিরসনে পদক্ষেপ নিয়েছেন, যার ফলে তেলের জন্য পাম্পগুলোতে দীর্ঘ লাইন দ্রুতই অদৃশ্য হয়েছে।

বিজ্ঞাপন

জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে একটি স্বার্থান্বেষী মহলের সমালোচনা করে নূরুল ইসলাম মনি বলেন, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে সমাজে কৃত্রিম সংকট তৈরি করে ফায়দা লোটার চেষ্টা করছে। তিনি প্রশ্ন রাখেন, বিদ্যুৎ বিভ্রাটের ফলে সাধারণ মানুষের কষ্ট লাঘবে সরকার যখন আন্তরিকভাবে কাজ করছে, তখন সংকট তৈরিকারীদের শনাক্ত করা জরুরি। যারা হারিকেন হাতে নিয়ে বিদ্যুৎ পরিস্থিতির প্রতিবাদ করছেন অথচ নেপথ্যে ফ্যান বা অন্যান্য বৈদ্যুতিক সুবিধা ব্যবহার করছেন, তাদের কর্মকাণ্ডকে তিনি ‘দ্বৈত মানদণ্ড’ হিসেবে আখ্যায়িত করেন।

সরকারের স্বল্পমেয়াদী কর্মকাণ্ডের মূল্যায়ন করতে গিয়ে প্রধান হুইপ বলেন, রাতারাতি দেশের সব সমস্যার সমাধান প্রত্যাশা করা অবাস্তব। শিল্পের উন্নয়ন, তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা বৃদ্ধির জন্য সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিয়েছে। তিনি উল্লেখ করেন, গ্রাম থেকে শহর—দেশের প্রতিটি খাতে তারেক রহমানের উন্নয়নের ছোঁয়া বিদ্যমান এবং এমন একজন জনদরদী নেতা পাওয়া বাংলাদেশের জন্য পরম সৌভাগ্যের বিষয়।

বিজ্ঞাপন

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও ‘একজন নজরুল’ হিসেবে অভিহিত করে নূরুল ইসলাম মনি বলেন, জিয়াউর রহমানের প্রস্থান পরবর্তী সময়ে দেশটি দীর্ঘ স্বৈরতন্ত্রের কবলে পড়েছিল। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে হারালে বাংলাদেশ আর এমন সুযোগ্য নেতৃত্ব খুঁজে পাবে না। পরিশেষে, দেশের স্থিতিশীলতা বজায় রাখতে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্পর্কিত- নজরুল
0%
0%
0%
0%