রংপুরের পীরগাছা উপজেলায় বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। 'সমাধান আমাদের হাতের নাগালে: প্রতিরোধ, উদ্ভাবন ও অন্তর্ভুক্তিতে বিনিয়োগ করি'—এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
মাদককে সমাজ ও জাতির জন্য এক নীরব ঘাতক হিসেবে আখ্যা দিয়ে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি। তারা আরও উল্লেখ করেন, মাদকমুক্ত একটি সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মাণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। মাদক নির্মূলে কঠোর সামাজিক সচেতনতা এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
উক্ত সচেতনতামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন পীরগাছা রেলওয়ে স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দীন, পীরগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রেজা এবং চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের সভাপতি আবদুল গোফফার।
এছাড়াও সংগঠনের সেক্রেটারি খলিলুর রহমান, সহ-সেক্রেটারি শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আহসান হাবীবসহ নাসিরুদ্দিন টোকন, ইব্রাহিম খলিল বুলবুল, মাসুদ রানা, সেলিম মিয়া ও সুমন আকন্দসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন। মাদকবিরোধী এই বার্তা তৃণমূলে ছড়িয়ে দিতে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়।