Advertisement

উখিয়ায় মাছের ঘেরে কাজ করার সময় ১৯ রোহিঙ্গা আটক

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্তবর্তী বালুখালী এলাকার রহমতের বিল থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৯ জুন) বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে তাদের আটক করে। ঘটনাস্থলটি সীমান্ত পিলার বিপি-২০ থেকে প্রায় এক কিলোমিটার উত্তর-পূর্বে এবং শূন্যরেখা থেকে প্রায় ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।

আটককৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুর, মোহাম্মদ নুর আমিন, মোহাম্মদ নুর ছাদেক, মোহাম্মদ এনায়েত হোসেন, মোহাম্মদ রশিদ আহমেদ, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ রায়গুনা, মোহাম্মদ সৈয়দন্দর, মোহাম্মদ জালাল হোসেন, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ আবু হাসেম, মোহাম্মদ নুরুর আমিন, মোহাম্মদ নুরুল সামাদ, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ মোশারফ, জুবায়েদ, বনি আমিন, মোহাম্মদ হালেম ও মোহাম্মদ সৈয়দ। তারা সবাই মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা হিসেবে শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়ম ভেঙে আশ্রয়শিবিরের বাইরে বেরিয়ে স্থানীয় একটি মাছের ঘেরে শ্রমিকের কাজ করছিলেন। রোহিঙ্গা শিবিরে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের ক্যাম্পের বাইরে অবাধ চলাচল বা স্থানীয় পেশায় নিয়োজিত হওয়ার কোনো আইনি অনুমতি নেই। এ ধরনের কর্মকাণ্ড অপরাধচক্রের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ঝুঁকি তৈরি করে।

আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন সূত্র জানায়, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ ও অবৈধ কার্যক্রম দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকে রোহিঙ্গাদের কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার না করার বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে বিজিবি। বর্তমান সরকার প্রধান তারেক রহমানের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা জোরদারে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

0%
0%
0%
0%