Advertisement

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের ভোল্ট থেকে চার কোটি ৩৮ লাখ টাকা উধাও ঘটনায় গ্রেপ্তার দুই

চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকার লালদীঘি জেলা পরিষদ ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকের লালদীঘি পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েবের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যাংকের সিনিয়র অফিসার ও ক্যাশ ইনচার্জ মো. কামরুল হোসেন এবং মো. জাফরুল্লাহ তানভীর নামে এক বহিরাগত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৯ আগস্ট ব্যাংকটির নিয়মিত হিসাব মেলানোর সময় ভোল্টে বিপুল অঙ্কের এই ঘাটতি ধরা পড়ে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বড় নোটের বান্ডিলে কৌশলে ছোট নোট ঢুকিয়ে দীর্ঘ সময় ধরে এই অর্থ আত্মসাৎ করা হয়েছে। অভিযোগ রয়েছে, আত্মসাৎকৃত সেই অর্থ হাটহাজারীর উত্তর বুড়িশ্চর এলাকার ‘ইশরাত এগ্রো’ নামক গরুর খামারে বিনিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত জাফরুল্লাহর পিতা আজিম উল্লাহ দাবি করেছেন, তার ছেলেকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। তিনি দাবি করেন, তার ছেলে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী নন এবং ব্যাংক ভোল্টের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা থাকার আইনি সুযোগ নেই।

মামলার তদন্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, ইতিমধ্যে অভিযুক্ত দুই ব্যক্তির মোবাইল ফোন ও একটি পেনড্রাইভ জব্দ করা হয়েছে। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে এত বড় অঙ্কের ঘাটতি কেন এবং কীভাবে কর্তৃপক্ষের নজর এড়িয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ তদারকি ও নিরাপত্তাব্যবস্থা নিয়েও শুরু হয়েছে জোর আলোচনা।

বিজ্ঞাপন

গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হওয়ায় এ ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্টরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা ও স্থানীয়রা।

0%
0%
0%
0%