AdvertisementAdvertisement

মাদারীপুরের কালকিনিতে মাদক সেবনে বাধা দেওয়ায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম

মাদারীপুরের কালকিনি উপজেলার চরদৌলতখান ইউনিয়নের ঢাকিকান্দি গ্রামে প্রকাশ্যে মাদক সেবনের প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনসহ মোট তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। শুক্রবার সংঘটিত এই বর্বরোচিত হামলায় গুরুতর আহত আবু তালেব মোল্লা, মোতালেব মোল্লা এবং রাজিব মোল্লাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও সেবনের প্রতিবাদ জানিয়ে আসছিলেন ভুক্তভোগীরা। এর জেরে কবির মোল্লা, হুমায়ুন মোল্লা, হাসু মোল্লা, খবির মোল্লা এবং আনোয়ার মোল্লার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল রামদা ও চাপাতি নিয়ে অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা আবু তালেব, মোতালেব ও রাজিবের হাত, পা ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

Advertisement
বিজ্ঞাপন

আর্তচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্বজনরা দ্রুত আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, স্থানীয় আব্দুল মান্নান মোল্লার প্রত্যক্ষ মদদ ও নির্দেশে এই নৃশংস হামলা চালানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালকিনি থানার সেকেন্ড অফিসার জোবায়ের হোসেনসহ পুলিশের একটি দল। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং অপরাধীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%