Advertisement

আইএলটি টোয়েন্টি মাতাতে আসছেন মিলার-ক্লাসেন, বড় চমক স্টোয়নিসের প্রত্যাবর্তনে

আইএলটি২০ এবং এসএ২০ লিগের সূচি নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের পর সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে নতুন তারকার সমাহার ঘটতে যাচ্ছে। আসন্ন মৌসুমে সূচির কোনো সংঘর্ষ না থাকায় দক্ষিণ আফ্রিকার দুই শীর্ষ তারকা ডেভিড মিলার এবং হাইনরিখ ক্লাসেন এবার প্রথমবারের মতো আইএলটি২০-তে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টের পঞ্চম আসরে তাদের দেখা যাবে গালফ জায়ান্টসের জার্সিতে।

মঙ্গলবার ১১ আগস্ট টুর্নামেন্ট কর্তৃপক্ষ প্রি-সিজন সাইনিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। যেখানে নতুন সংযোজন হিসেবে নিউজিল্যান্ডের তারকা ফিন অ্যালেনের নাম উঠে এসেছে, যিনি আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন। দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে দুবাই ক্যাপিটালসে ফিরেছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। আগামী ১ অক্টোবর দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের মাধ্যমে আরও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা এই লিগে নাম লেখাবেন বলে আশা করা হচ্ছে। আয়োজকদের মতে, তারকা এসব খেলোয়াড়দের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক লিগ টি-২০র মান ও আকর্ষণ বহুগুণ বাড়িয়ে তুলবে।

বিজ্ঞাপন

পুরানো ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর আস্থা রেখে অনেক তারকা খেলোয়াড় চতুর্থ মৌসুমের মতো নিজেদের দলেই টিকে গেছেন। জেসন হোল্ডার ও সুনীল নারাইন থাকছেন আবু ধাবি নাইট রাইডার্সে, শিমরন হেটমায়ার ডেজার্ট ভাইপার্সে এবং রোভম্যান পাওয়েল ও বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালসের হয়ে খেলবেন। এছাড়া নিকোলাস পুরান, রশিদ খান ও রোমারিও শেফার্ড এমআই এমিরেটসে এবং সিকান্দার রাজা শারজাহ ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাবেন। বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ধরে রেখেছে আন্দ্রিস গাউস এবং ড্যান লরেন্সকে। গালফ জায়ান্টস শিবিরে ফিরেছেন অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ও পেসার ব্লেসিং মুজারাবানি।

দলগুলোর সাম্প্রতিক সাইনিং ও রিটেনশন তালিকায় আবু ধাবি নাইট রাইডার্সে আছেন ফিন অ্যালেন, জেসন হোল্ডার, ম্যাথিউ ট্রাম্প ও সুনীল নারাইন। ডেজার্ট ভাইপার্সে রয়েছেন আন্দ্রিস গাউস, ড্যান লরেন্স, মুজিব-উর-রহমান ও শিমরন হেটমায়ার। দুবাই ক্যাপিটালসে স্টয়নিস ও মোস্তাফিজের সাথে যোগ দিয়েছেন নূর আহমেদ ও রোভম্যান পাওয়েল। গালফ জায়ান্টস তাদের স্কোয়াডে রেখেছে আজমতউল্লাহ ওমরজাই, ব্লেসিং মুজারাবানি, ডেভিড মিলার ও হাইনরিখ ক্লাসেনকে। এমআই এমিরেটসে পুরান, রশিদ, শেফার্ডের সাথে থাকছেন শেরফেন রাদারফোর্ড। এছাড়া শারজাহ ওয়ারিয়র্সে নাম লিখিয়েছেন অ্যাডাম মিলনে, জেমস ভিন্স, ওয়াকার সালামখেইল ও সিকান্দার রাজা।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%