এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে কুষ্টিয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার কুচিয়ামোড়া গ্রামে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জেরে তানিয়া খাতুন নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত ১২টার দিকে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দিয়ে সে জীবন বিসর্জন দেয়। নিহত তানিয়া স্থানীয় বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল এবং প্রবাসী আক্তারুল ইসলামের কন্যা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই সে চরম মানসিক হতাশায় ভুগছিল। এই ব্যর্থতা মেনে নিতে না পেরেই শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নেয় সে।
ঘটনার খবর পেয়ে কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা মরদেহ উদ্ধার করে ভেড়ামারা থানায় হস্তান্তর করেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, তানিয়া দুটি বিষয়ে অকৃতকার্য হয়েছিল। সে বিবাহিত ছিল বলে জানা গেলেও আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়েছেন।
