ব্রাহ্মণবাড়িয়ায় সিঁড়ির পাশ থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রের লাশ উদ্ধার রহস্য উদ্ঘাটনে তদন্তে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়া শহরের পাওয়ার হাউস রোড এলাকা থেকে মোহাম্মদ আনিসুর রহমান নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে স্থানীয় একটি চারতলা ভবনের নিচতলায় সিঁড়ির পাশে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত আনিসুর রহমান নবীনগর উপজেলার লক্ষ্মীপুর সাতঘরহাটি গ্রামের আলকাছ মিয়া ও জাহানারা বেগমের সন্তান।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে কয়েক মাস আগে আনিসুরের এক চাচা খুন হন। ওই হত্যা মামলায় আনিসুরের বাবা আলকাছ মিয়া আসামি হওয়ায় নিরাপত্তার খাতিরে পরিবারটি কয়েক মাস ধরে শহরের এই ভাড়া বাসায় বসবাস করে আসছিল। আনিসুর স্থানীয় কৃষ্ণনগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে আনিসুরের চাচাতো ভাইয়েরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকীব উর রেজা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
