ইংল্যান্ড লায়ন্সের কোচের দায়িত্ব ছাড়লেন অ্যান্ড্রু ফ্লিনটফ নতুন অধ্যায়ের অপেক্ষায় কিংবদন্তি এই অলরাউন্ডার

ইংল্যান্ড লায়ন্স দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। প্রায় দুই বছরের সফল অধ্যায় শেষে নিজের নতুন কোচিং ক্যারিয়ারের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে লায়ন্সদের দায়িত্ব গ্রহণ করে ইংল্যান্ডের উদীয়মান ক্রিকেটার ও কোচদের উন্নয়নের কারিগর হিসেবে কাজ করেছেন তিনি।
নিজের বিদায়বেলায় ফ্লিনটফ জানান, দেশের সেরা তরুণ ক্রিকেটারদের সাথে কাজ করা এবং তাদের বেড়ে উঠতে দেখা ছিল অত্যন্ত গর্বের বিষয়। একই সাথে তিনি এই দীর্ঘ যাত্রায় কোচিং স্টাফ ও সহকর্মীদের অকুন্ঠ সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিশেষ করে এড বার্নি এবং রব কি-এর প্রতি আস্থা রাখার জন্য বিশেষ ধন্যবাদ জানিয়েছেন তিনি। চলতি বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারের প্রধান কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নিতে উন্মুখ হয়ে আছেন এই তারকা।
ইসিবি’র পুরুষ বিভাগের পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নি ফ্লিনটফের অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। তার ভাষ্যমতে, লায়ন্সদের পরিবেশকে পুরোপুরি বদলে দিতে এবং তরুণ ক্রিকেটারদের উৎকর্ষ সাধনে ফ্লিনটফ যে ভূমিকা রেখেছেন, তা অতুলনীয়। তার অধীনে নতুন প্রজন্মের খেলোয়াড়দের পাশাপাশি কোচরাও নিজেদের দক্ষতার স্বাক্ষর রাখতে পেরেছেন। তার এই বিদায় কিছুটা অভাববোধ তৈরি করলেও ইসিবি ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানিয়েছে।
ফ্লিনটফের প্রস্থানের পরপরই ইসিবি নিশ্চিত করেছে যে, মাইক ইয়ার্ডি ইংল্যান্ড লায়ন্স দলের দায়িত্ব বুঝে নেবেন। আগামী ১২ আগস্ট থেকে বেকেনহামে শুরু হতে যাওয়া প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশ এবং পাকিস্তান পুরুষ দলের বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য ডাগআউটে থাকবেন ইয়ার্ডি।
